ইসলাম টাইমস ডেস্ক: বঙ্গোপসাগরের কাছে ভাসমান দু’টি নৌকায় ক্ষুধা পীপাসা ও জীবনহানির মুখে পড়া পাঁচ শতাধিক রোহিঙ্গা মুসলমানের প্রতি প্রতিবেশী দেশসমূহ ও ওআইসি’রনির্লিপ্ততায় গভীর হতাশা ও উদ্বেগ প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী।
২৭ এপ্রিল (সোমবার) এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন আল্লামা কাসেমী।
আল্লামা কাসেমী বলেন, আমরা গভীর উদ্বেগ ও বেদনার সঙ্গে লক্ষ্য করছি, আরাকানের বিপুল সংখ্যক রোহিঙ্গা মুসলমান আবারও গভীর সমুদ্রে জীবনহানির গুরুতর সংকটে পড়েছেন। বিশ্বের কোন দেশ ও আন্তর্জাতিক সংস্থা কার্যকরভাবে তাদের রক্ষায় এগিয়ে আসছে না। অনেক রোহিঙ্গা মুসলমান মাসের পর মাস সাগরে ভেসে ক্ষুধা ও রোদ-বৃষ্টিতে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন বলে একের পর এক খবর প্রকাশিত হচ্ছে ।
জমিয়ত মহাসচিব বলেন, অনেক রোহিঙ্গা মুসলমান এখন ছোট ছোট কাঠের ট্রলারে সপ্তাহের পর সপ্তাহ সাগরে ভাসছে। এইরূপ ভাসমান অবস্থায় তাদের অনেকেই খাদ্য ও পানির অভাবে মারা যাচ্ছেন। এভাবে বিশ্ব বিবেকের সামনেই অসহায় রোহিঙ্গা মুসলমানরা স্মরণকালের ভয়াবহ এক মানবিক বিপর্যয়ের শিকার হচ্ছে।
জমিয়ত মহাসচিব বলেন, একই সঙ্গে আমরা বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানাই একটি ট্রলার থেকে সম্প্রতি প্রায় চার শ’ রোহিঙ্গাকে উদ্ধার করার জন্য। অতীতেও বাংলাদেশ রোহিঙ্গা মুসলমানদের রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে যা পুরো বিশ্বের জন্য শিক্ষণীয় হয়ে আছে। আমরা আশা করবো, আগামীতেও বাংলাদেশ সাগরে ভাসতে থাকা রোহিঙ্গাদের প্রাণরক্ষায় গৌরবময় ভূমিকা ও অবদান অব্যাহত রাখবে ।
আল্লামা কাসেমী বলেন, নতুন করে তাদের করুণ অবস্থার বিষয়টি ওআইসিসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে কূটনীতিকভাবে উপস্থাপন করবে।
















