তারাবি নিয়ে বিজয় টিভির তামাশা বন্ধের আহ্বান ইসলামী দলগুলোর

ইসলাম টাইমস ডেস্ক: ইসলামি শরিয়তের বিধান লঙ্ঘন করে বিজয় টিভি নামের একটি টেলিভিশন চ্যানেল লাইভে তারাবির নামাজ সম্প্রচারের মাধ্যমে ইমামকে অনুসরণ করে নিজ নিজ বাসা-বাড়িতে তারাবি নামাজ আদায়ের যে উদ্যোগ নিয়েছে তা বন্ধের আহ্বান জানিয়ে এব্যাপারে নিন্দা জানিয়েছে ইসলামী দলগুলো।

বাংলাদেশ খেলাফত আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ,  ইসলামী আন্দোলন বাংলাদেশ, পৃথক পৃথক বিবৃতিতে এ নিন্দা জানায়।

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী বলেছেন,ইসলামের বিধান নিয়ে রীতিমতো তামাশা শুরু করছে বিজয় টিভি নামের চ্যানেলটি। আমরা বিজয় টিভির তারাবি’র জামাত নিয়ে ধৃষ্টতাপূর্ণ উদ্যোগের তীব্র নিন্দা জানিয়ে অনতিবিলম্বে এই সম্প্রচার বন্ধের দাবি জানাচ্ছি।

এদিকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, আজকের মধ্যে বিজয় টিভির তারাবিহ সম্প্রচার বন্ধ করা না হলে লকডাউন ভেঙে বিজয় টিভির অফিস ঘেরাও করা হবে। এছাড়া বিজয় টিভির তারাবিহ সম্প্রচার বন্ধে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে নিন্দা জানিয়ে বলা হয়েছে, ইসলামের বিধান নিয়ে এই  তামাশা বন্ধ করে এই ভুলের জন্য বিজয় টিভি কর্তৃপক্ষকে ক্ষমা চাইতে হবে। এছাড়াও দলটির পক্ষ থেকে সরকারি স্বাস্থ্য নীতি মেনে মসজিদ খুলে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

পূর্ববর্তি সংবাদনারায়ণগঞ্জে র‌্যাবের ৩৯ জন আইসোলেশনে, করোনা পজেটিভ ১৭ জনের
পরবর্তি সংবাদবিশ্বের শ্রম শক্তির অর্ধেকই জীবিকা হারানোর ঝুঁকিতে: আইএলও