ইসলাম টাইমস ডেস্ক: দক্ষিণ কোরিয়ার ইচিয়ন শহরে একটি নির্মাণাধীন ওয়ারহাউসে অগ্নিকাণ্ডে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ভবনটির বেসমেন্টে থাকা দাহ্য পদার্থ বিস্ফোরিত হয়ে আগুন শুরু হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ধারণা করা হচ্ছে হতাহতরা সবাই নির্মাণ শ্রমিক।
অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে ৭৮ জন কর্মী ছিলেন। অনেকের এখনও সন্ধান পাওয়া না যাওয়ায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ বার্তা সংস্থা জানিয়েছে, রাজধানী সিউল থেকে ৮০ কিলোমিটার দূরের ইচিয়ন শহরে এই অগ্নিকাণ্ডে অন্তত দশ ব্যক্তি আহত হয়েছেন।
আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় উদ্ধার তৎপরতা ব্যহত হয়। স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে অগ্নিকাণ্ড শুরু হয়। ছয়টা ৪০ মিনিটে আগুন নেভানো সম্ভব হয়।
জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট চাং সিয়ে কিয়ুন।
















