ইসলাম টাইমস ডেস্ক: বিশ্ব জুড়ে করোনা পরিস্থিতির মধ্যেই সিরিয়ার দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দখলকৃত গোলান হাইটস থেকে হেলিকপ্টারের মাধ্যমে রকেট ছোড়া হয় সিরিয়ার অভ্যন্তরে। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়, শুক্রবারের ওই হামলার লক্ষ্য ছিলো ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী। হামলা হয়েছে সিরিয়ার কুনেইত্রার একটি সামরিক চেক পোস্টে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েলের সেনাবাহিনী।
সিরিয়ার ওই অঞ্চলে ইরান সমর্থিত সশস্ত্র দল হিজবুল্লাহর শক্ত অবস্থান রয়েছে।গত কয়েক বছরে ইসরায়েলের একাধিক হামলার টার্গেট হয়েছে দলটি।
করোনা ভাইরাস মহামারির কারণে বিশ্বের নজর যখন সিরিয়া থেকে সরে গেছে তখন এই অঞ্চলে হিজবুল্লাহকে টার্গেট করে হামলা চালিয়ে যাওয়ার কথা ভাবছে ইসরায়েল। সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটসও একই কথা জানিয়েছে। তারা বলেছে, ইসরায়েলি সেনারা হোমস থেকে পালমিরা যাওয়ার প্রধান সড়কে হিজবুল্লাহর টার্গেট লক্ষ্য করে হামলা চালিয়েছে। দুই সপ্তাহ পূর্বেও লেবানন সীমান্তে হিজবুল্লাহর গাড়ি বহর লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল।
















