ইসলাম টাইমস ডেস্ক : যশোরে পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সহসাধারণ সম্পাদক মিন্টু গাজীসহ (৩৫) দুজন গুলিবিদ্ধ হয়েছেন।সোমবার বিকালে শহরের বকচর হুশতলা এলাকায় এ ঘটনা ঘটে।
মিন্টু গাজী বকচর হুশতলা এলাকার হামিদ গাজীর ছেলে। অপর আহত ইমদাদুল হক (৫০) ওই একই এলাকার আলাউদ্দিনের ছেলে। অবস্থা আশংকাজনক হওয়ায় মিন্টু গাজীকে যশোর জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
জুয়া খেলা নিয়ে বিরোধের জের ধরে বিল্লাল নামে এক ব্যক্তির গুলিতে তারা বিদ্ধ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত ইমদাদুলের ভাই বদরুল আলম জানান, বিকাল সোয়া ৪টার দিকে ইমদাদুল ও মিন্টু গাজী ইফতারি কেনার জন্য হেঁটে হুঁশতলা মোড়ে যাচ্ছিলেন। কপোতাক্ষ লায়ন্স চক্ষু হাসপাতালের পাশে কপোতাক্ষ প্লটের সামনে ওঁৎ পেতে থাকা বিল্লাল ওরফে চোর বিল্লাল নামে এক দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
গুলি ইমদাদুলের হাতে ও মিন্টুর পেটে বিদ্ধ হয়।
ইমদাদুলের অভিযোগ, জুয়া খেলা নিয়ে তিন-চার দিন আগে তাদের মধ্যে বিরোধ হয়। তারই জের ধরে সোমবার বিকালে বিল্লাল ওই দুজনকে গুলি করে। মিন্টুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। আর আহত ইমদাদুল আশঙ্কামুক্ত।
যশোর কোতয়ালি থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, কারা কী কারণে ঘটনাটি ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
















