ইসলাম টাইমস ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোভিড-১৯ মোকাবেলায় সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে সমন্বয়হীনতা, অদূরদর্শিতা, অদক্ষতা, অযোগ্যতা, সিদ্ধান্তহীনতা, সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব ও দ্বিধা-দ্বন্দ্ব, দুর্নীতি, অস্বচ্ছতা, চরম ব্যবস্থাপনাগত ত্রুটি ও জনগণের প্রতি জবাবদিহিতার প্রকট অভাব এ সঙ্কট গভীরতর করছে।
করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেছেন মির্জা ফখরুল।
মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে চলমান করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশে ৩ মে নতুন করে ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে ৬৬৫ জন। উদ্বেগের কারণ হলো এর আগে এক দিনে এত মানুষ আক্রান্ত হওয়ার খবর মানুষ পায়নি। এর আগে সর্বোচ্চ শনাক্ত ছিল ৬৪১ জন। ৩ মে পর্যন্ত মোট মৃত্যু ১৭৭ জন। অন্যদিকে সুস্থ হওয়াদের সংখ্যা এক লাফে ১৭৭ থেকে বেড়ে ১০৬৩ জন দাবি করা হয়েছে। কীভাবে এত অল্প সময়ের মধ্যে এত বেশি রোগী সুস্থ হলো তার কারণ হিসেবে বলা হয়েছে যে, ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট কমিটির দেয়া নতুন গাইডলাইন অনুসরণ করা হয়েছে।
তিনি আরো বলেন,করোনা টেস্ট কিটসহ সরবরাহকৃত মালামালের গুণগত মান নিয়ে অভিযোগ করায় কমপক্ষে ২টি হাসপাতালের পরিচালক দু’জন চিকিৎসককে ওএসডি বা বদলি করা হয়েছে। যদিও পরে সরকারি অনুসন্ধানেই সরবরাহকৃত মাস্ক, পিপিই ত্রুটিপূর্ণ বলে আখ্যায়িত হয়েছে এবং সরবরাহকারী প্রতিষ্ঠান ক্ষমা চেয়েছে। তাহলে চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হলো কেন? অথচ এসকল ত্রুটিপূর্ণ মাস্ক, পিপিই পরিধান করেই চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও পুলিশ বাহিনীর সদস্যদের জীবনের ঝুঁকি নিয়ে সম্মুখ সমরে যুদ্ধে নামিয়ে দেয়া হয়েছে।
















