লকডাউন শিথিল বড় ব্যবসায়ীদের স্বার্থে: রিজভী

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকলেও মানুষের জীবনের তোয়াক্কা না করে সরকার বড় ব্যবসায়ীদের স্বার্থে লকডাউন শিথিল করছে বলে অভিযোগ করেছেন রুহুল কবির রিজভী।

শনিবার গাজীপুরের টঙ্গি বাজারে দুস্থদের মধ্যে ত্রাণ বিতরণের কর্মসূচি উদ্বোধনের সময় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এ অভিযোগ করেন।

তিনি বলেন, “যখন সংক্রমণের মাত্রা বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে, গ্রামে-গঞ্জে-শহরে গুচ্ছ গুচ্ছ আকারে মানুষ সংক্রমিত হচ্ছে। তখন সরকার লকডাউন বা শাটডাউন খুলে দিলেন কেন? উনার কাছে  অর্থনীতি আগে, বড় বড় ব্যবসায়ীদের স্বার্থ আগে।

“মানুষের জীবন চলে যাচ্ছে ওইটা বড় কথা নয়, মানুষ যে মৃত্যুর মুখে ঢলে পড়ছে রাস্তা-ঘাট নদীতে। আজকে এখানে টেস্ট করার উপায় নেই, এখানে পর্যাপ্ত মেডিকেল সহায়তা নেই, সেটা না থাকার কারণে আজকে কত লোকের যে করোনায় তারা রাস্তার ধারে মরে পড়ে যাচ্ছে- এটা সরকার খেয়াল করছে না, এটা সরকার গুরুত্ব দিচ্ছে না। মানুষের জীবন তাদের কাছে বড় কিছু নয়, তাদের কাছে টাকা অনেক বড় কথা।”

রিজভী বলেন, ‘‘ প্রধানমন্ত্রীর উপদেষ্টা অধ্যাপক আবদুল্লাহ তিনিও বলেছেন যে, এটা করা ঠিক হচ্ছে না। করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রী যে বিশেষজ্ঞ কারিগরি কমিটি করেছেন তারাও বলেছেন, আপনি (প্রধানমন্ত্রী) পুনর্বিবেচনা করুন, এখন লকডাউন খুলতে যাবেন না।

“কারণ সারা পৃথিবীর মধ্যে এই যে দক্ষিণ এশিয়ায় ভারত, পাকিস্তান, মালদ্বীপ, নেপাল এর মধ্যে সবচাইতে করোনা ঝুঁকিতে আছে বাংলাদেশ। এটা বিশেষজ্ঞরা বলছেন, কিন্তু এই সরকারের ভ্রুক্ষেপ নাই, প্রধানমন্ত্রীর ভ্রুক্ষেপ  নাই। আজকে রাস্ত-ঘাটের গাড়ি চলাচল করছে, বিভিন্ন গার্মেন্টস খুলে দেওয়া হয়েছে, শত-শত, হাজার-হাজার লোক যাচ্ছে সেখানে। কত লোক যে করোনায় আক্রান্ত হবে, তাদের না থাকবে চিকিৎসা, না থাকবে বেঁচে থাকার কোনো নিশ্চয়তা। আজকে মৃত্যুর দিকে এভাবে মানুষকে ঠেলে দিচ্ছেন সরকার।”

পূর্ববর্তি সংবাদজীবিকার তাগিদে ঢাকামুখী মানুষের ঢল
পরবর্তি সংবাদখাদ্য উৎপাদন বাড়াতে কোনো জমিই অনাবাদি রাখা যাবে না : তথ্যমন্ত্রী