তারিক মুজিব ।।
করোনায় বিপর্যস্ত বিশ্ব। পূর্ব-পশ্চিম, আরব-ইউরোপ সবখানেই একই চিত্র। থমকে আছে পৃথিবী। থমকে আছে বিশ্ব অর্থনীতি। চলমান পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষদের কাটছে ঘরবন্দী অসহায় জীবন। ঘরে খাবার নেই। সংক্রমণ পরিস্থিতি ঠেকাতে লকডাউন পরিস্থিতিতে বাইরেও যাওয়া যাচ্ছে না কাজের তালাশে।
এদিকে মহামারী পরিস্থিতিতে বিশ্বব্যাপী সাহায্যের দস্তরখান বিছিয়ে দিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় ত্রাণ সংস্থা টিকা। নিম্ব আয়ের মুসলিম দেশ এবং শরণার্থী শিবিরগুলোতে তারা পৌঁছে দিচ্ছে খাবারসহ অন্য সাহায্য সামাগ্রী। পাঠাচ্ছে রমযানের বিশেষ সহায়তা প্যাকেজ।
তুরস্কের এই সংস্থাটি ইতোমধ্যে ফিলিস্তিনের গাজা এবং পশ্চিমতীর, ইয়েমেন, সুদান, আফগানিস্তান, আলজেরিয়া, তিউনিসিয়া, মৌরতুনিয়া, সিরিয়া, লেবানন, আলবেনিয়া, পাকিস্তান এবং বাংলাদেশে ব্যাপক ত্রাণ সহায়তা পাঠিয়েছে। বিশ্বব্যাপী মুসলিম শরণার্থী শিবিরগুলোর প্রতিও রয়েছে টিকার বিশেষ নজর।

বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের ৫ হাজার পরিবারের মাঝে টিকা পাঠিয়েছে খাদ্য সহায়তা এবং করোনা থেকে আত্মরক্ষার চিকিৎসা সরঞ্জামাদি।
ফিলিস্তিনের গাজায় ৫ হাজার ৬০ টি পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে খাবারের বিশেষ সাহায্য প্যাকেট। প্যাকেটে চারজনের একটি পরিবারের একমাস চলার উপযোগী পণ্য সামগ্রী ছিল। টিকা সূত্র জানিয়েছে গাজায় ইসরায়েলের অবরোধের গত ১৩ বছরে একসাথে এই পরিমাণ সহায়তা পৌঁছানো কখনোই সম্ভব হয়নি।
এছাড়া পশ্চিমতীরের ৭ হাজার ৫০০ শত পরিবারের মাঝে পৌঁছানো হয় খাদ্য সহায়তা। চলতি রমযানে ফিলিস্তিনের ৪০ হাজার মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছানো হবে বলে নিশ্চিত করেন তুরস্কের ত্রাণ সংস্থা টিকা প্রধান।
কয়েক দশকের যুদ্ধে বিধ্বস্ত আফগানে টিকার এবারের সহায়তার পরিমাণ সবচেয়ে বেশি। দেশটির সকল ইয়াতিমের জন্য করোনাকালীন সময়ে বিশেষ বরাদ্দের কথার জানান আফগানিস্তানের টিকা প্রধান যাহতু তুশাল।
তিউনিসিয়ার রাজধানী তিউনিসের একশত আশিটি দরিদ্র পরিবারের মাঝে একমাস চলার উপযোগী খাবার বিতরণ করার কথা জানিয়েছে তিউনিসিয়ায় টিকার প্রধান।
আফ্রিকার অপর দেশ আলজেরিয়ায় ফ্রি বিতরণের জন্য টিকা কর্তৃক ৩০ হাজার মাস্ক, গ্লাভস এবং পিপিইসহ অন্য চিকিৎসা সরঞ্জামাদীর পাঠানোর খবর জানিয়েছে আলজেরিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ পাঞ্জাব এবং খাইবার পাখতোনখার ২৫ শত পরিবারের মাঝে ইতোমধ্যে টিকার পক্ষ থেকে খাদ্য সাহায্য পাঠানো হয়েছে।
এছাড়া আরও অনেক রাষ্ট্রে টিকার পক্ষ থেকে সহায়তা প্যাকেজ পাঠানো হয়েছে এবং ঈদের পরবর্তী সময় পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
মুসলিম বিশ্ব ছাড়াও টিকা মানবিক সহায়তা এবং চিকিৎসা সরঞ্জামাদি পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের প্রায় ১০৮ টি দেশে। দুর্যোগকালীন সময়ে তুরস্কের রাষ্ট্রীয় এই ত্রাণ সংস্থাটির কর্মতৎপরতার প্রশংসা বিশ্বব্যাপীই করা হচ্ছে।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পম্পেও এক টুইট বার্তায় টিকার কাজের প্রশংসা করেছেন।
এছাড়া তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান প্রতি মুহূর্তেই রাখছেন টিকার কার্যক্রমের খোঁজ খবর।
















