লকডাউন শিথিল করে সরকার ভুল পথে হাঁটছে: রিজভী

ইসলাম টাইমস ডেস্ক: লকডাউন শিথিল করে সরকার ভুল পথে হাঁটছে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১২ মে) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় ত্রাণ বিতরণের সময় এ মন্তব্য করেন তিনি।

ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ তুলে বিএনপির এই নেতা বলেন, ‘মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেওয়ার কথা সরকারের। কিন্তু তারা তা করছে না। আওয়ামী লীগের মেম্বার-চেয়ারম্যানরা অসহায় সাধারণ মানুষকে ত্রাণ না দিয়ে নিজেদের ঘরে, পুকুরে, খালে-বিলে, খাটের নিচে তা লুকিয়ে রাখছে। আইনশৃঙ্খলা বাহিনী এসব সামগ্রী ওই সব মেম্বার-চেয়ারম্যানদের বাড়ি থেকে উদ্ধার করছে। এতে প্রমাণিত হয় সরকার সাধারণ মানুষকে ত্রাণ দিচ্ছে না।’

তিনি বলেন, ‘বর্তমান সরকারের মানুষের কাছে কোনও জবাবদিহিতা নাই। বিনা ভোটে নির্বাচিত সরকারের জনগণের কোনও প্রয়োজন নেই। কারণ রাতের আঁধারে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ভোটের ব্যালট বাক্স ভরে দেয়। সংসদে যারা আছে তারা সবাই তাদের অনুগত। সরকার যা বলে সরকারি দল বিরোধী দল সভায় প্রধানমন্ত্রীর কথায় তালি দেয়। যে কারণে তাদের কোনও জবাবদিহিতা নাই, জনগণের কাছে কোনও দায়বদ্ধতা নাই।’

পূর্ববর্তি সংবাদসামাজিক দূরত্ব বজায় রেখে সম্পন্ন হয়েছে মাওলানা আবদুল লতিফ নেজামীর জানাযা
পরবর্তি সংবাদভারতের বিরুদ্ধে ভূখণ্ড দখলের অভিযোগ নেপালের, কাঠমান্ডুতে বিক্ষোভ