ইসলাম টাইমস ডেস্ক: জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান মারা গেছেন। বৃহস্পতিবার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) বিকাল ৪টা ৫৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার ছেলে আনন্দ জামান এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, বাবার মরদেহ রাতে হাসপাতালের মর্গে রাখা হবে। জানাজা ও কোথায় দাফন করা হবে সে বিষয়ে আগামীকাল জানানো হবে।
এর আগে গত ৯ মে ড. আনিসুজ্জামানকে সিএমএইচ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে (সিসিইউ) ভর্তি করা হয়।
সে সময় তার ছেলে আনন্দ জামান জানিয়েছিলেন, বার্ধক্যজনিত সমস্যার কারণে গত ২৭ এপ্রিল রাজধানীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছিল ড. আনিসুজ্জামানকে। সেখানে চিফ কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. খন্দকার কামরুল ইসলামের অধীনে চিকিৎসা হয় তার । কিন্তু তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় হাসপাতাল বদলের সিদ্ধান্ত নেয়া হয়।
এপ্রিলের প্রথম সপ্তাহেও একই ধরনের সমস্যার কারণে অধ্যাপক আনিসুজ্জামানকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছিল একবার।
















