ইসলাম টাইমস ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া প্রদেশে ট্রাক বিস্ফোরণে পাঁচ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে গারদেজ শহরের সামরিক আদালতের কাছে এ ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছে। একজন সামরিক মুখপাত্রের বরাতে এখবর জানা যায়।
দেশটিতে গত মঙ্গলবার হওয়া দুটি বোমা হামলার পর একদিনের ব্যবধানে এটি তৃতীয়বারের মতো বোমা হামলার ঘটনা ঘটল। তবে তালেবান এই হামলার দায় স্বীকার করেছে।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেন, ‘গারদেজ শহরের এক সামরিক আদালতে কাছে একটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে অনেক বেসামরিক নিহত ও আহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।’
তালেবান বিদ্রোহী মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এই হামলার দায় স্বীকার করেছে।
পাকতিয়া প্রদেশের সামরিক বাহিনীর মুখপাত্র ইমাল খান মোহাম্মদ জানান, বিস্ফোরক বোঝাই একটি ট্রাক দিয়ে হামলাটি চালানো হয়, এতে পাঁচ জন নিহত ও ১৪ জন আহত হন।
সূত্র : আল জাজিরা
















