‘সাধারণ ছুটির’ মধ্যে বসছে সংসদীয় কমিটির বৈঠক

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসের বিস্তার থেকে সুরক্ষা পেতে সরকারঘোষিত ‘সাধারণ ছুটির’ মধ্যে প্রথম কোনো সংসদীয় কমিটির বৈঠক হতে যাচ্ছে।

রোববার বিকাল তিনটায় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন সভাপতি মুহাম্মদ ফারুক খান।

সংসদ সচিবালয় থেকে এ সংক্রান্ত দাপ্তরিক বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।

দেশে করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকলে গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার, যা কয়েক দফা বাড়িয়ে ৩০ মে পর্যন্ত রাখা হয়েছে।

সাধারণ ছুটি ঘোষণার পর কোনো সংসদীয় কমিটির বৈঠক হয়নি। তবে গত ১৮ এপ্রিল সংবিধানের নিয়ম রক্ষায় বসে সংসদ অধিবেশন। ইতিহাসের সংক্ষিপ্ততম ওই অধিবেশন স্বাস্থ্যবিধি মেনেই হয়।

বৈঠকের বিষয়ে ফারুক খান গণমাধ্যমকে বলেন, “প্রধানমন্ত্রী এবং স্পিকারের সঙ্গে আলোচনা করে বৈঠক আহ্বান করা হয়েছে। বৈঠকে সব স্বাস্থ্যবিধি মেনে চলা হবে।

“সংসদীয় কমিটির সদস্যদের তাদের ব্যক্তিগত সহকারী সঙ্গে আনতে মানা করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কেও বলা হয়েছে কার্যসূচির সঙ্গে সম্পৃক্ত এমন কর্মকর্তাই যেন শুধু আসেন। এছাড়া সংসদ সচিবালয়কেও বলা হয়েছে শুধু আবশ্যক লোকজন যেন আসে।”

সচিবালয়ের বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বৈঠকে করোনাভাইরাস মহামারী পরিস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী বাংলাদেশিদের কী ধরনের সেবা দিয়েছে সে সম্পর্কে আলোচনা করা হবে।

এছাড়া এই পরিস্থিতিতে বাংলাদেশ কোন কোন দেশকে সাহায্য করেছে এবং কী ধরনের সাহায্য পেয়েছে সে বিষয়েও আলোচনা হবে।

সম্প্রতি জাপান ও রুমানিয়ায় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতদের বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। তারা কিভাবে নিজ নিজ কর্মস্থলে কাজ করবেন তার প্রস্তুতি সম্পর্কে কমিটিকে জানাতে বলা হয়েছে।

পূর্ববর্তি সংবাদবর্তমান সরকার সংকট সমাধান করে না, সংকট সৃষ্টি করে: রিজভী
পরবর্তি সংবাদকরোনায় দশম সপ্তাহে দৈনিক গড়ে আক্রান্ত ১ হাজার ৪৬ ও মৃত্যু ১২