ইসলাম টাইমস ডেস্ক: করোনা ভাইরাস রীতিমত ভয়ঙ্কর হয়ে উঠেছে ভারতে। প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর নতুর রেকর্ড হচ্ছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ হাজার ৬১১ জন আক্রান্ত হয়েছে। যা একদিনের হিসেবে দেশটিতে সর্বোচ্চ আক্রান্ত। এছাড়া সেখানে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণহানি ঘটেছে ১৪০ জনের। মোট মৃত ৩ হাজার ৩০৩ জন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বুধবার সকালে এই তথ্য জানানো হয়।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, এখন পর্যন্ত করোনায় সুস্থ হয়ে উঠেছেন ৪২ হাজার ২৯৮ জন। এতে সুস্থ হওয়ার হার ৩৯ দশমিক ৬২ শতাংশ।
দেশটিতে করোনা ঠেকাতে ইতোমধ্যে আগামী ৩১ মে পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে। তবে লকডাউন বাড়ানো হলেও বিভিন্ন রাজ্যে তা শিথিল করা হয়েছে। লকডাউন শিথিল করার পর দেশটিতে প্রতিনিয়ত রেকর্ড হারে আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে।
















