ইসলাম টাইমস ডেস্ক: সিরাজগঞ্জে যমুনা নদীতে নৌকা ডুবে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ১৫ জন।
জেলার এনায়েতপুর থানার ওসি মোল্লা মাসুদ পারভেজ জানান, মঙ্গলবার বেলা দেড়টার দিকে জেলার চৌহালী উপজেলার স্থলচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একটি শিশু আর একজন বৃদ্ধ রয়েছেন বলে জানালেও পুলিশ তাদের পরিচয় বলতে পারেনি।
ওসি মাসুদ বলেন, এনায়েতপুর ঘাট থেকে ৭০ জনের বেশি যাত্রী নিয়ে নৌকাটি চৌহালী যাচ্ছিল। পথে নৌকাটি ডুবে গেলে স্থানীয়রা গিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে।
ওসি বলেন, এলাকাবাসী ঘটনাস্থল থেকে ৫৪ জনকে জীবিত উদ্ধার করেছে। কিন্তু ১৫ জন এখনও নিখোঁজ রয়েছেন বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। এখনও স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। ফায়ার সার্ভিষ ও রাজশাহীর ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা রওনা হয়েছেন।
















