ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসের হটস্পট হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কোভিড-১৯ রোগীর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় নতুন করে আরও ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত রোগীদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্যকর্মীও রয়েছেন।
এদের মধ্যে ৮ জন প্রাপ্তবয়স্ক পুরুষ, ৮ জন প্রাপ্তবয়স্ক নারী ও ২টি কন্যাশিশু রয়েছে। এ নিয়ে সোনারগাঁওয়ে সর্বমোট ১৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেন।
ডা. পলাশ কুমার সাহা জানান, গত ২৪ ঘণ্টায় ৮৮ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য ঢাকার আইইডিসিআরে প্রেরণ করা হয়। নমুনা পরীক্ষা শেষে ১৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।
আক্রান্ত রোগীর মধ্যে উপজেলার পশ্চিম বেহাকৈর এক কন্যাশিশু (৬ বছর) ও এক নারী, সনমান্দিতে এক নারী, সোনারগাঁও পল্লী বিদ্যুৎ অফিসে এক পুরুষ কর্মী, বাড়িমজলিশে ২ জন পুরুষ ও ৩ জন নারী, জাইদারগাঁওয়ে ২ জন নারী, সনমান্দিতে এক কন্যাশিশু (৪ বছর), জাইদারগাঁওয়ে ৪ জন পুরুষ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক পুরুষ স্বাস্থ্যকর্মী, ভৈরবদীতে এলাকার এক নারী রয়েছেন।
সোনারগাঁওয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৫ জন। উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করছেন ৪ জন।
এ পর্যন্ত সোনারগাঁও থেকে ৭৬৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে প্রেরণ করা হয়েছে। পরীক্ষা শেষে ১৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
















