ইসলাম টাইমস ডেস্ক: সিলেটে বাস শ্রমিকদের দুপক্ষের সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ আহত হয়েছেন ১১ জন। শ্রমিক ফেডারেশন সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে বৈঠকে সংঘর্ষ হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে ফাঁকা গুলি ও টিয়ারশেল ছোঁড়েন পুলিশ ও র্যাব সদস্যরা।
হঠাৎ উত্তপ্ত সিলেটের কদমতলী বাস টার্মিনাল এলাকা। শ্রমিকদের দুপক্ষের সংঘর্ষে এ যেন রণক্ষেত্র।
সংঘর্ষে জড়িয়ে পড়া শ্রমিকরা জানান, বাস শ্রমিক ফেডারেশন সভাপতি সেলিম আহমেদের বিরুদ্ধে সমিতির টাকা আত্মসাতের অভিযোগ ছিল। এ নিয়েই নেতাদের সাথে বৈঠকে বসেছিলেন তারা। তবে সেখানে অতর্কিত হামলা চালায় শ্রমিকদেরই আরেক পক্ষ।
শ্রমিক নেতাদের দাবি, অর্থ আত্মসাতের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। চেষ্টা চলছে অসন্তোষ সমাধানের।
সংঘর্ষের খবর শুনে ঘটনাস্থলে যায় র্যাব ও পুলিশ। ফাঁকা গুলি ও টিয়ারশেল ছুঁড়লে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।
প্রায় আধঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে আহত হন এক পুলিশ সদস্য ও ১০ জন শ্রমিক।
আরো পড়ুন: গণপরিবহন চালুর প্রথম দিনেই ভালুকায় বাস চাপায় পোশাক শ্রমিক নিহত
















