ঢামেকের করোনা ইউনিটে এক মাসে ৩২৪ জনের মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এক মাসে মারা গেছেন ৩২৪ জন। যাদের মধ্যে অন্তত ৩ শতাংশ কভিড পজিটিভ, জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে মৃতদের মধ্যে সবার নমুনা পরীক্ষা করা হয়নি।

দেশে করোনা শনাক্তের ৫৪ দিন পর ঢাকা মেডিকেলে চালু হয় করোনা ইউনিট। প্রথমে এই ইউনিট চালু হয় শুধু পুরাতন বার্ন ইউনিটে। রোগী বেড়ে যাওয়ায় পরে যুক্ত হয় আরো একটি ভবন।

এক মাসে এই ইউনিটে ভর্তি হয়েছেন প্রায় ৩ হাজার। এর মধ্যে মারা গেছেন ৩২৪ জন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মৃতদের মধ্যে বেশিরভাগেরই ছিল অন্যান্য রোগ।

ঢাকা মেডিকেলের একটি পিসিআর ল্যাবে দিনে সর্বোচ্চ ১৮৫টি নমুনা পরীক্ষা করা যায়। রোগীর চাপ বাড়ায় দ্রুতই পিসিআর ল্যাব বাড়ানোর কথা ভাবছে কর্তৃপক্ষ।

এদিকে, চিকিৎসা সেবা দিতে গিয়ে ৪০ চিকিৎসক, ৮০ নার্সসহ ঢাকা মেডিকেলের প্রায় ২০০ জন করোনায় আক্রান্ত। টানা ৭ দিন দায়িত্ব পালনের পর ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। চিকিৎসা সেবার সঙ্গে জড়িতদের জন্য ২২টি হোটেল ভাড়া করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আরো পড়ুন: করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে অন্যান্য স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে বাধাগ্রস্ত: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

পূর্ববর্তি সংবাদকরোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পাঁচ নির্দেশনা
পরবর্তি সংবাদপারিবারিক কবরস্থানে দাফন করা যাবে করোনায় মৃতদের লাশ: স্বাস্থ্য অধিদপ্তর