ইসলাম টাইমস ডেস্ক: মহামারী পরিস্থিতিতে অসতর্ক চলাফেরা করা ভয়ানক বলে মন্তব্য করেছেন পাকিস্তানের বিশিষ্ট আলেমে দ্বীন এবং মুসলিম স্কলার মুফতি তাকী উসমানি। সম্প্রতি এক টুইট বার্তায় তিনি এ মন্তব্য করেন।
টুইট বার্তায় পাকিস্তানের সর্বস্তরের মানুষকে সচেতনতার আহ্বান জানিয়ে মুফতি তাকী উসমানী বলেন, বিপদের সময় সতর্কতা গ্রহণ না করা কোনো বাহাদুরি নয়। বরং এটি ভয়ানক বিপদের কারণ।
মুফতি তাকী উসমানী বলেন, পাকিস্তানে কোভিড-১৯ এর সংক্রমণ উর্ধ্বমুখী। এই ভাইরাস মানুষের সৃষ্টি হোক বা আল্লাহ প্রদত্ত এটা নিঃসন্দেহে একটা মহামারী। মহামারী থেকে বাঁচার উপায় অবলম্বন করা সবার জন্য জরুরী।
করোনা পরিস্থিতিতে চিকিৎসকদের অসামান্য অবদানের জন্য কৃতজ্ঞতা আদায় করে মুফতি তাকী উসমানী টুইট বার্তায় আরও লেখেন, চিকিৎসকরা নিজেদের জীবন বিপন্ন করে মানুষের সেবায় নিয়োজিত রয়েছে। তাদের প্রতি সবার উত্তম মনোভাব রাখা উচিত।
প্রসঙ্গত, পাকিস্তানে এক লাখ ছাড়িয়েছে করোনা শনাক্তের সংখ্যা। ইতোমধ্যে মৃত্যু হয়েছে ২ হাজার ৬৭ জনের। দেশটিতে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।
















