ইসলাম টাইমস ডেস্ক: স্বাস্থ্যবিধি মেনে করোনাকালের বাজেট অধিবেশন শুরু হয়েছে। বুধবার (১০ জুন) বিকাল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের এই বাজেট ও অষ্টম অধিবেশন শুরু হয়।
সংসদে উপস্থিত সবাইকে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে সংসদ ভবন ছাড়াও অধিবেশন কক্ষে ঢুকতে হয়। এছাড়া নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে নির্ধারিত এমপিদের সংসদে যাওয়ার জন্য অনুরোধ করা হয়। এজন্য যারা আজ যাওয়ার জন্য তালিকাভুক্ত শুধু তারাই অধিবেশনে যোগ দিয়েছেন। এসময় সবাই মাস্ক পরেছিলেন। সবার তাপমাত্রা মাপা হয়েছে। অসুস্থ ও বয়স্ক এমপিরা সংসদে যাননি।
তবে করোনা হটস্পট হিসেবে দেখা দেয়া জাতীয় সংসদের বাজেট ও অষ্টম অধিবেশন নিয়ে এমপি ও সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। কিন্তু বাজেট অধিবেশনের মতো গুরুত্বপূর্ণ বিষয়টি এড়িয়ে যাওয়াও তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তাই ভয় নিয়েই তারা অধিবেশনে যাবেন স্বল্পসংখ্যক এমপি-মন্ত্রী। সেখানে স্বাস্থ্যবিধি মেনেই কাজ করছেন কর্মকর্তা-কর্মচারীরা।
বাজেট উপলক্ষে সংসদের কর্মকর্তাদের করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার পর ৮ জুন পর্যন্ত ৪৩ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। তারও আগে সংসদ সচিবালয়ে দায়িত্বরত ৮২ জন ব্যাটালিয়ন আনসার ও তিনজন পুলিশ করোনায় আক্রান্ত হন। এছাড়া এ পর্যন্ত ৮ জন মন্ত্রী-এমপিও করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে সবার মধ্যে আতঙ্ক।
















