ইসলাম টাইমস ডেস্ক: দেশের করোনা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে মতামত জানতে দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহসাংগঠনিক সম্পাদকদের সাথে বৈঠক করেছে বিএনপি।
আজ বুধবার বিকেল থেকে রাত ৯ পর্যন্ত প্রায় তিন ঘন্টা এই সভা হয়। এদিন ঢাকা, চট্টগ্রাম, সিলেট কুমিল্লা ও ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকবৃন্দ সভায় যুক্ত ছিলেন।
ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সহসাংগঠনিক সম্পাদকরা।
খোঁজ নিয়ে জানা গেছে, করোনা পরিস্থিতি নিয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে নেতাদের মতামত জানতে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে নেতৃবৃন্দ তাদের মতামত তুলে ধরে বক্তব্য রাখেন। সবার মতামত মনযোগ সহকারে শুনে বিভিন্ন পরামর্শ ও নির্দেশনা দিয়েছেন তারেক রহমান।
বিশেষ করে চলমান মহামারী করোনাভাইরাস প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
















