ইসলাম টাইমস ডেস্ক: করোনা পরিস্থিতি বিবেচনা করে পাকিস্তানে ফের লকডাউন ঘোষণার জন্য সেদেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। মাসে দুই সপ্তাহ লকডাউন এবং অপর দুই সপ্তাহ কার্যক্রম সচল রাখার জন্য দেশটিকে পরামর্শ দিয়েছে তারা। পাঞ্জাবের প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী ইয়াসমিন রশিদের কাছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাঠানো চিঠিকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
পাকিস্তানে এ পর্যন্ত ১ লাখ ৮ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রন্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২ হাজারের বেশি মানুষের। দেশটিতে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা পাঞ্জাব প্রদেশে। পাকিস্তানের হাসপাতালগুলো জানিয়েছে, দিন দিন যে হারে করোনার সংক্রমণ বাড়ছে তাতে তাদের ধারণ ক্ষমতা ফুরিয়ে আসছে। অনেক হাসপাতাল আবার কোভিড-১৯ আক্রান্ত রোগীদের ফিরিয়ে দিচ্ছে। এমন পরিস্থিতির মধ্যেও জাতীয়ভাবে লকডাউন ঘোষণা করতে রাজি নন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এর বদলে কিছু প্রদেশে সীমিত পরিসরে লকডাউন জারি করা হয়েছিল। তবে সেগুলোও প্রত্যাহার করা হবে বলে গত সপ্তাহে ঘোষণা দিয়েছেন ইমরান খান।
পাঞ্জাবের প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী ইয়াসমিন রশিদকে পাঠানো এক চিঠিতে লকডাউন জারি করার ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চিঠিতে বলা হয়, নির্ধারিত অঞ্চলগুলোয় অন্তবর্তী লকডাউনের মতো কঠিন সিদ্ধান্ত নিতে হবে। অন্তর্বতী লকডাউনের চক্রে দুই সপ্তাহ খোলা ও দুই সপ্তাহ বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
















