ইসলাম টাইমস ডেস্ক: মহামারী করোনা পরিস্থিতিতে চলতি বছর হজে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া।
বৃহস্পতিবার পুত্রাজায়াতে সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার ধর্মবিষয়ক মন্ত্রী জুলকিফল মোহাম্মদ আল বাকরি এ ঘোষণা দেন। খবর আনাদোলুর।
মালয়েশিয়ার ধর্মমন্ত্রী বলেন, এবছর হজে না যাওয়ার পাশাপাশি পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণের বিষয়টি আরও জোরদার করা হবে এবং শিগগিরই কোরবানিবিষয়ক নির্দেশনাও জারি করা হবে।
এর আগে কোভিড-১৯ মহামারীর মধ্যে চলতি বছর হজে না যাওয়ার ঘোষণা দিয়েছেন ইন্দোনেশীয় মুসলমানরা। সৌদি কর্তৃপক্ষ হজের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে ব্যর্থ হওয়ায় দেশটি এমন সিদ্ধান্ত নিয়েছে।
এ দিকে মালয়েশিয়ায় এ পর্যন্ত মোট ৮ হাজার ৩৬৯টি করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে, মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ১৪ জন। মৃত্যুবরণ করেছেন ১৮৮ জন।
বৃহস্পতিবার দেশটিতে ২৪ ঘণ্টায় সর্বমোট ৩১ জন নতুন করোনারোগী শনাক্ত করা হয়েছে।
















