ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বিশিষ্টজনদের শোক

ইসলাম টাইমস ডেস্ক: শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন শেখ মো. আবদুল্লাহ। তার মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন।

রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনের প্রেস উইং থেকে জানানো হয়, এক শোক বার্তায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, শেখ মো. আবদুল্লাহর মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনে বিরাট ক্ষতি। তার মৃত্যুতে দেশ একজন পরীক্ষিত রাজনৈতিক নেতাকে হারাল।

এদিকে শেখ আবদুল্লার মৃত্যুতে শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হয়েছে। আওয়ামী লীগ হারাল তৃণমূল থেকে উঠে আসা বঙ্গবন্ধুর আদর্শের একজন পরীক্ষিত সৈনিককে।

প্রধান বিচারপতি  সৈয়দ মাহমুদ হোসেন শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক ও শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী ধর্মপ্রতিমন্ত্রী শেখ মুহাম্মদ আবদুল্লাহর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের শোকাহত পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানান।

এছাড়াও শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশর মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী বলেন, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মুহাম্মাদ আব্দুল্লাহ গওহরডাঙ্গা হাফেজিয়া মাদরাসায় পবিত্র কুরআন হিফজের মাধ্যমে শিক্ষাজীবন শুরু করেন। এরপর তিনি দেওবন্দী সিলসিলার সুবিখ্যাত এই মাদরাসার কিতাববিভাগেও পড়াশোনা করেন। পাশাপাশি তিনি সাধারণ শিক্ষায় সর্বোচ্চ সনদধারী ছিলেন। তিনি আইনের উপরও পড়া শোনা করেছেন। তার ইন্তিকালে আমি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।

ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ’র ইন্তেকালে আরো গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। এছাড়াও পৃথক পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন দলের প্রেসিডিয়াম সদস্য ও চরমোনাই কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
শোকবাণীতে পীর সাহেব চরমোনাই বলেন, তিনি কওমি মাদরাসা বোর্ডগুলোর শিক্ষা সনদের ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সেইসাথে উলামায়ে কেরামের সাথে সবচেয়ে হৃদ্যতাপূর্ণ পরিবেশ বজায় ছিলো।

ধর্ম প্রতিমন্ত্রী এডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহর ইন্তিকালে আরো গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। যৌথ শোক বাণীতে নেতৃদ্বয় বলেন, মরহুম এডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ ব্যক্তিগতভাবে একজন সজ্জন ব্যক্তি ছিলেন এবং বিভিন্ন ধর্মীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে হক্কানী ওলামায়েকেরামের মতামতকে গুরুত্ব প্রদান করতেন।

ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে আরো সমবেদনা ও শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান,  মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী ও মহাসচিব মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী। এক যৌথ  শোকবার্তায় নেতৃদ্বয় বলেছেন, মরহুম শেখ মোঃ আব্দুল্লাহ ছিলেন একজন সৎ রাজনীতিবিদ ও ধর্মভীরু ব্যক্তি। মসজিদ-মাদরাসা প্রতিষ্ঠা ও দ্বীনি কাজে তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়।

আরো গভীর শোক প্রকাশ প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ও  মহাসচিব মুফতী ফয়জুল্লাহ। এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোঃ আব্দুল্লাহ একজন  সজ্জন, সদালাপী, বিনয়ী ও ধর্মভীরু ব্যক্তি ছিলেন। তিনি পবিত্র কুরআনের হাফেজ ছিলেন। মন্ত্রীত্ব লাভের পর ধর্মমন্ত্রনালয় প্রশাসনকে দূর্নীতিমুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন। দেশের আলেমদের সাথে তাঁর সুসম্পর্ক ছিল। ধর্মীয় যে কোন বিষয়ে তিনি আলেমদের সাথে পরামর্শ করতেন।

এছাড়াও ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির পক্ষে সমিতির আহবায়ক মুহিউদ্দিন আমিনী ও মহাসচিব আনাস মাহমুদ যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করেন।

বিবৃতিতে তারা বলেন,সুষ্ঠু ও দুর্নীতি মুক্ত হজ্ব ব্যবস্থাপনা এবং আলেম উলামার তত্তাবধায়নে হজ্ব পালনের বিষয়ে দৃঢ় অঙ্গীকার নিয়ে কাজ করেছেন। তিনি দারুল আরকাম মাদরাসার উন্নতির বিষয়ে খুবই আন্তরিক ছিলেন এবং দারুল আরকামের মাধ্যমে আলেম উলামার বৃহত্তর সরকারি কর্মসংস্থানের স্বপ্ন লালন করতেন। তাঁর মৃত্যুতে দারুল আরকাম, ধর্মীয় অঙ্গন ও রাষ্ট্রের যে সীমাহীন ক্ষতি সাধিত হয়েছে তা পূরণ করা দূরহ।’

তার মৃত্যুতে আরো গভীর শোক প্রকাশ প্রকাশ করেছেন খেলাফতে ইসলামী বাংলাদেশের মহাসচিব ও ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুর রহমান। শোকবার্তায় তিনি বলেন, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোঃ আব্দুল্লাহ একজন দেশপ্রেমিক, সৎ, নিষ্ঠাবান ব্যক্তি ছিলেন। তিনি বাংলাদেশী হাজীদের দূর্ভোগ কমাতে অনেকগুলো পদক্ষেপ নিয়েছিলেন। বহু মসজিদ-মাদরাসা ও দ্বীনি প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন। অল্প সময়ে আলেমদের আস্থাভাজন হয়ে ওঠেছিলেন। তার ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত।

এছাড়াও দিবাগত রাতে পৃথক পৃথক শোক বার্তায় তার আত্মার মাগফেরাত কামনা করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

পূর্ববর্তি সংবাদবনানী কবরস্থানে নাসিমের দাফন সম্পন্ন
পরবর্তি সংবাদআরও ৩২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩ হাজার ১৪১ জন