ইসলাম টাইমস ডেস্ক: পাকিস্তানের সিন্ধু রাজ্যের প্রাদেশিক সংসদে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের নামের সাথে খাতামুন নাবিয়্যিন লেখার সিদ্ধান্ত পাশ হয়েছে।
পাকিস্তানের পরিচিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম করাচীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়।
সিন্ধু রাজ্যের প্রাদেশিক পার্লামেন্টের মেম্বার এবং পাকিস্তানের মুত্তাহিদা কওমি মুভমেন্টের রুকন (এমকিউএম) মুহাম্মদ হুসাইন সংসদে এই দাবি উত্তাপন করেন যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম শেষ নবী। তারপর কোনো নবী নেই। আমাদের সিন্ধ রাজ্যে এটা আবশ্যক করা উচিত যে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের নাম আসবে সেখানে বাধ্যতামূলকভাবে খাতামুন নাবিয়্যিন লেখতে এবং পড়তে হবে।
এসময় প্রাদেশিক তথ্যমন্ত্রী নাসির শাহ এই দাবির সমর্থন করেন। পরে সর্বসম্মতিক্রমে এই দাবি গৃহীত হয়।
উল্লেখ্য, পাকিস্তানে খতমে নবুওয়াত খুবই স্পর্শকাতর ইস্যু। কাদিয়ানিরা পাকিস্তানে বেশ তৎপর। দেশটিতে ধর্মপ্রাণ মানুষ খতমে নবুওয়াত ইস্যুতে অনেক আন্দোলন করেছেন।
এর আগে ২০১৭ সালে পাকিস্তানে রাসুলুল্লাহ সা. এর শেষ নবী হওয়ার ব্যাপারে সংশয় প্রকাশ করে একটি আইন পাশের চেষ্টা ব্যর্থ হয়েছে। দেশটির ইসলামপন্থী দলগুলোর প্রতিবাদের মুখে এ আইন পাশ করা সম্ভব হয়নি।
















