করোনার চিকিৎসা সরঞ্জাম ক্রয়ে দুর্নীতির অভিযোগে জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী গ্রেপ্তার

ইসলাম টাইমস ডেস্ক: করোনা চিকিৎসায় ব্যবহার্য মেডিকেল সরঞ্জাম সরবরাহে দুর্নীতির অভিযোগে জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী ওবাডিয়া মোয়ো গ্রেপ্তার হয়েছেন। দেশটির দুর্নীতি বিরোধী এজেন্সি এ কথা জানিয়েছে।

গ্রেপ্তার করে তাকে শেষ খবর পাওয়া পর্যন্ত রাখা হয়েছে হারারের একটি পুলিশ স্টেশনে।

দেশটির দুর্নীতি বিরোধী কমিশনের মুখপাত্র জন মাকামুরে বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, আমি নিশ্চিত করে বলতে পারি যে, স্বাস্থ্য ও শিশু কল্যাণ বিষয়ক মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রোডসভিলে পুলিশ স্টেশনে আটকে রাখা হয়েছে। কোভিড-১৯ মহামারির বিরুদ্ধে লড়াইয়ে ব্যবহার্য সরঞ্জাম কেনার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, মেডিকেল সরঞ্জাম কেনার জন্য সরকার একটি কোম্পানির সঙ্গে ২ কোটি ডলারের একটি চুক্তি করে। এ বিষয়ে দুর্নীতির অভিযোগ তুলে এর নিন্দা জানায় দেশটির প্রধান বিরোধী দল। এর একদিন পরেই ওই মন্ত্রীকে গ্রেপ্তার করা হলো।
পূর্ববর্তি সংবাদমহামারিকালে প্লাজমা থেরাপি নিয়ে প্রতারণা!
পরবর্তি সংবাদচীনে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা নিয়ে কটাক্ষ আনন্দবাজার পত্রিকার