বোল্টনের বই প্রকাশে আর বাধা নেই, ট্রাম্পের আবেদন খারিজ

ইসলাম টাইমস ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের লেখা বহুল আলোচিত বই প্রকাশ বন্ধে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে যে আবেদন করা হয়েছে, তা খারিজ করে দিয়েছেন আদালত।

‘দ্য রুম হোয়্যার ইট হ্যাপেন্ড’ নামে বোল্টনের প্রকাশিতব্য বইয়ে মার্কিন প্রেসিডেন্ট সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, যা নিয়ে আমেরিকাজুড়ে তোলপাড় চলছে। দ্বিতীয় দফা নির্বাচনের আগে নিজের একসময়কার সহকর্মীর এসব ‘গোপন তথ্যে’ স্বভাবত বিচলিত ট্রাম্প। তাই বইটির প্রকাশ বন্ধের আবেদন করা হয়।

 

ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট আদালতের বিচারক রয়েস ল্যামবার্থ বলেছেন, বোল্টন আমেরিকার জাতীয় নিরাপত্তা নিয়ে ‘জুয়া খেলেছেন’ এবং ‘দেশকে ক্ষতির মুখে ফেলেছেন।’ তবে তিনি তার রায়ে এ কথাও বলেছেন– বইটি প্রকাশের ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে ‘নিরাপত্তাজনিত’ যেসব উদ্বেগ প্রকাশ করা হয়েছে, এটির প্রকাশ বন্ধ করাই যে তার যথাযথ প্রতিকার মার্কিন সরকার তা প্রতিষ্ঠা করতে পারেনি।

আদালেতের রায়ে এটি স্পষ্ট যে, বোল্টনের বই প্রকাশে আর বাধা নেই।

আগামী ২৩ জুন জন বোল্টনের বই– দ্য রুম হোয়্যার ইট হ্যাপেন্ড (ঘটনা ঘনঘটার কক্ষ) বাজারে আসছে। এই বইয়ে বোল্টন ডোনাল্ড ট্রাম্পকে এমন একজন প্রেসিডেন্ট হিসেবে তুলে ধরেছেন, যার সব সিদ্ধান্তের পেছনে উদ্দেশ্য একটিই– প্রেসিডেন্ট নির্বাচনে আবার জয়লাভ। এই লক্ষ্যে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সহায়তা চাইতেও দ্বিধা করেননি।

ট্রাম্প প্রশাসন এরই মধ্যে বোল্টনের এসব দাবি নস্যাৎ করার চেষ্টা করেছে। কিন্তু শেষ পর্যন্ত আদালতের মাধ্যমে বইটি প্রকাশ বন্ধে ট্রাম্পের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য এক টুইটার বার্তায় আদালতের এই রায়কেও তার জন্য ‘বড় বিজয়’ বলে দাবি করেছেন।

পূর্ববর্তি সংবাদমা বাবার প্রতি সন্তানের দায়িত্ব নির্দিষ্ট কোনো দিবসের সাথে নির্ধারিত নয়
পরবর্তি সংবাদকরোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি, ৪ ঘন্টা পর মারা গেলেন দাঁতের চিকিৎসক