চাঁদপুরে বিকাশ এজেন্টের ৬১ লাখ টাকা নিয়ে অটোচালক উধাও

ইসলাম টাইমস ডেস্ক: চাঁদপুরে বিকাশ এজেন্টের ৬১ লাখ টাকা নিয়ে পালিয়েছে অটোরিকশার এক চালক। রবিবার দুপুরে জেলা শহরের জোড় পুকুরপাড় এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ করেছে বিকাশ এজেন্ট আলমগীর হোসেন জুয়েল। অভিযোগের ভিত্তিতে সদর মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশের বেশ কয়েকটি দল পালিয়ে যাওয়া চালককে সিসিটিভির ফুটেজ দেখে খুঁজতে শুরু করেছে।

চাঁদপুরে বিকাশের এজেন্ট আলমগীর হোসেন জুয়েল জানান, রবিবার বেলা সাড়ে ১১টায় তার কর্মী মাসুদ হোসেন শহরের ইউসিবিএল ব্যাংক থেকে ৬১ লাখ টাকা উত্তোলন করেন। ব্যাংক থেকে নেমে ব্যাগভর্তি সেই  টাকা নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় উঠেন মাসুদ। পরে শহরের জোড় পুকুরপাড় এলাকায় এসে টাকা ভুলক্রমে অটোরিকশায় রেখেই মাসুদ নেমে পড়েন। এ সময় তিনি নিজেও তার ব্যক্তিগত গাড়ি নিয়ে টাকাসহ মাসুদের জন্য অপেক্ষা করছিলেন।

পরে বিকাশ এজেন্ট জুয়েল তার কর্মী মাসুদকে নিয়ে সদর মডেল থানায় ছুটে যান। পুলিশ ঘটনাস্থলে এসে পাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে। এ সময় ব্যাটারিচালিত একটি অটোরিকশা সেখানে কিছুটা সময় অপেক্ষা ও পরে চলে যাবার দৃশ্য ধরে পরে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) নাসিম উদ্দিন জানান, সিসিটিভির ফুটেজ দেখেই থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের বেশ কয়েকটি দল পালিয়ে যাওয়া চালককে খুঁজতে শুরু করেছে। ওসি আরো জানান, পুলিশ অবশ্যই পালিয়ে যাওয়া চালককে খুঁজে পেতে সক্ষম হবে।

বিকাশ এজেন্ট আলমগীর হোসেন জুয়েল জানান, ব্যাংক থেকে তোলা টাকাগুলো বিকাশ কর্তৃপক্ষের। এসব টাকা বিভিন্ন বাজারের ছোট ছোট এজেন্টদের মাঝে বিতরণের জন্য তোলা হয়েছিল। এই ঘটনায় থানায় লিখিতভাবে অভিযোগ দিয়েছেন বলেও জানান তিনি।

পূর্ববর্তি সংবাদচীন, নেপাল, পাকিস্তানের সাথে ভারতের বিরোধ, বাংলাদেশে মৈত্রী চেয়ে সমাবেশ
পরবর্তি সংবাদবাঁশ দিয়ে ব্রহ্মপূত্র ও তিস্তার ভাঙন ঠেকানোর চেষ্টা