ইসলাম টাইমস ডেস্ক: একের পর এক এমপি-মন্ত্রী করোনায় আক্রান্ত হওয়ায় সাংসদদের করোনা পরীক্ষার নির্দেশ দিয়েছে জাতীয় সংসদ।
চলমান বাজেট অধিবেশনের পরের চার কর্মদিবসে যোগ দেবেন এমন ১৭০ জন সংসদ সদস্যকে নমুনা পরীক্ষা করানোর জন্য নির্দেশ দিয়েছে জাতীয় সংসদ।
এর আগে সংসদের কর্মরতদের নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হলেও এমপিদের ব্যাপারে কোনো নির্দেশনা ছিল না।
রবিবার (২১ জুন) বিষয়টি নিশ্চিত করে সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেন, অধিবেশনের আগামী চার কার্যদিবসে অংশ নেবেন এমন ১৭০ এমপিকে কোভিড-১৯ পরীক্ষার জন্য চিঠি দিয়েছি। তাদের মধ্যে ২০ জন শনিবার নমুনা দিয়েছেন। বাকিরা রবিবার থেকে নমুনা দেবেন।
তবে এটি বাধ্যতামূলক নয় বলেও জানান তিনি।
চিফ হুইপ আরও বলেন, আমারা সবার স্বাস্থের কথা বিবেচনা করেই এটি করছি। কারণ, সংসদে ইতোমধ্যে অনেকের করোনা ধরা পড়েছে। আমরা চাই, এটি আর ছড়িয়ে না পড়ুক।
















