ইসলাম টাইমস ডেস্ক: বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারির কারণে এ বছর সীমিত আকারে হজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। সৌদি আরবের বাইরের দেশ থেকে এবার কেউ হজে অংশ নিতে পারবেন না! কেবল সেখানে বসবাসকারীরাই এবার হজে অংশ নিতে পারবেন বলে সোমবার সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
সৌদি আরব সরকারের সিদ্ধান্ত, এবার (২০২০ সাল) বাইরের কোনো রাষ্ট্র থেকে হজযাত্রী সৌদি আরবে যাবেন না। শুধু সৌদি আরবে বসবাসরতদের মধ্য থেকেই কিছু সংখ্যক হজ পালনেচ্ছু হজে অংশগ্রহণ করতে পারবেন। সোমবার দিবাগত মধ্যরাতে সৌদি সরকারের বরাতে বিভিন্ন গণমাধ্যমে এ তথ্য প্রকাশ হয়েছে।
ঘোষণায় বলা হয়, বিভিন্ন দেশের মুসলিম যারা বর্তমানে সৌদি আরবে বসবাস করছেন ওইসব সীমিত সংখ্যক হাজিদের নিয়েই এবারের হজ অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন বাড়ছে। এমনকি এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন বা প্রতিষেধক বের হয়নি। এই অবস্থায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখো হাজিদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা কঠিন হয়ে পড়বে। সে জন্যেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
















