ইসলাম টাইমস ডেস্ক: চলতি বাজেটের সমালোচনায় মুখ খুললেন জাসদ সভাপতি হাসানুল হক ইনুও। ১০ হাজার কোটি টাকার থোক বরাদ্দ ও প্রধানমন্ত্রীর ঘোষিত প্রণোদনা প্যাকেজ ছাড়া কোভিড-১৯ মোকাবিলায় প্রস্তাবিত বাজেটে কোনও বরাদ্দ নেই বলে তার অভিযোগ।
সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘করোনা পুষে রেখে অর্থনীতি সচল হবে না। দুর্নীতি পুষে রেখে করোনা মোকাবিলা, অর্থনীতি সচল করা যাবে না। স্বচ্ছতা, সমন্বয়হীনতা ও অদক্ষতা দূর করে স্তরে স্তরে সুশাসন কায়েম করতে হবে।’
মঙ্গলবার (২৩ জুন) ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, ‘এবার দরকার ছিল ছকের বাইরে একটা বাজেট। কিন্তু বাজেট দেখে মনে হচ্ছে, দেশে করোনা বলে কিছু নেই। এটি অস্বাভাবিক সময়ের একটি স্বাভাবিক বাজেটমাত্র।’
দেশে এখন অস্বাভাবিক সময় যাচ্ছে উল্লেখ করে জাসদ সভাপতি বলেন, ‘করোনা মোকাবিলায় ১০ হাজার কোটি টাকার থোক বরাদ্দ এবং প্রধানমন্ত্রীর এক লাখ ৫ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা প্যাকেজ ছাড়া বাজেটের বিভিন্ন খাতে বরাদ্দ গতানুগতিক, গৎবাঁধা এবং ছকের মধ্যে সীমাবদ্ধ। দেশীয় শিল্প সুরক্ষাসহ কর খাতে কিছু ভালো প্রস্তাব থাকলেও বড় ধরনের কোনও সংস্কার প্রস্তাব নেই। দ্বার উন্মোচনকারী উদ্ভাবনী কিছু নেই। এবার দরকার ছিল ছকের বাইরে একটা বাজেট। কিন্তু বাজেট দেখে মনে হচ্ছে দেশে করোনা বলে কিছু নেই। অস্বাভাবিক সময়ে এটি একটি স্বাভাবিক বাজেটমাত্র।’
















