ইসলাম টাইমস ডেস্ক: দলের নেতাকর্মীদের গ্রেফতার করে কারাগারে বন্দি করার অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। তাই ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে জনগণ এখন আরও বেশি ঐক্যবদ্ধ।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ সব কথা বলেন।
ফখরুল বলেন, কারাগারগুলোতে বন্দি ধারণের আর ঠাঁই নেই। বর্তমানে করোনাভাইরাসের দুর্যোগময় সময়ে বিএনপি নেতাকর্মীরা গরিব ও দুস্থ মানুষদের সাহায্যার্থে এগিয়ে এসেছে। তখন তাদেরকে গ্রেফতার করে কারান্তরীণ করা সরকারের অশুভ ইচ্ছারই বহিঃপ্রকাশ। এ সব অপকর্মের মূল লক্ষ্য একটাই তা হল ক্ষমতাকে চিরদিনের জন্য পাকাপোক্ত করা। কিন্তু সরকার এ সব কুকর্ম করে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে পারবে না। কারণ জনগণের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে জনগণ এখন আরও বেশি ঐক্যবদ্ধ।
মঙ্গলবার জাতীয়তাবাদী যুবদলের কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা যুবদলের সভাপতি মো. জাহিদুল ইসলাম বিপ্লবকে সাদা পোশাকে পুলিশ বাহিনী আটক করে মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছে জানিয়ে এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব।
















