মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটের ছুরিকাঘাতে রক্তাক্ত বাবা

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটের ছুরিকাঘাতে গুরুতর আহত মেয়ের বাবা মো. তৌফিক

ইসলাম টাইমস ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরবে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক বখাটের ছুরিকাঘাতে মেয়েটির বাবা গুরুতর আহত হয়েছেন। মেয়েটি শ্রীনগর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

বুধবার (২৪ জুন) সকালে ভৈরব উপজেলার শ্রীনগর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত বখাটে মো. রকি (২২)  শ্রীনগর গ্রামের মধ্যপাড়া এলাকার মো. লোকমিয়ার ছেলে।

জানা যায়, মো. তৌফিক মিয়ার মেয়েকে কয়েকদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল রকি। সকাল ৯টার দিকে ওই স্কুলছাত্রী বাড়ির টিউবওয়েলে পানি আনতে গেলে বখাটে রকি বাড়ির সামনের রাস্তায় দাড়িয়ে মেয়েটিকে অশালীন কথা বলতে থাকে।

এ সময় মেয়েটির বাবা এবং ওই যুবক তাদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে বখাটে রকি তার সাথে থাকা ছুরি দিয়ে মেয়েটির বাবার মাথায় আঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসকরা।

এ বিষয়ে শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সার্জেন্ট (অব) আবু তাহের জানান, বখাটে রকি দীর্ঘদিন যাবৎ গ্রামের মেয়েদেরকে উত্ত্যক্ত করে আসছে। এছাড়াও তার বাবা-মা দুজনই মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত। রকির মা নাদিরা বেগমের নামে একাধিক মাদকের মামলা রয়েছে বলেও জানান ইউপি চেয়ারম্যান। এ ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন এ জনপ্রতিনিধি।

এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন  জানান, ঘটনাটি শুনেছি। তবে এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তি সংবাদভুলে বিদ্যুতের বিল বেশি করে ফেলা হয়েছে: নসরুল হামিদ
পরবর্তি সংবাদমাদরাসা শিক্ষার্থীকে ১৮দিন আটকে রেখে ধর্ষণের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন