সিলেটের প্রবীণ আলেম শায়খে গলমুকাপনীর ইন্তেকাল: জানাযা আড়াইটায়

ইসলাম টাইমস ডেস্ক: সিলেটের প্রবীণ আলেম মাওলানা আব্দুশ শহিদ শায়খে গলমুকাপনি ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। আজ ২:৩০ সময় গলমুকাপন মাদ্রাসায় তার জানাযা অনুষ্ঠিত হবে।  তিনি একাধারে গলমুকাপন মাদ্রাসার মুহতামীম ও শায়খুল হাদীস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ সভাপতি ছিলেন।

জানা যায়, তিনি নিজে অনেক বড় আলেম এবং আকাবিরদের স্নেহধন্য হওয়ার পাশাপাশি অঞ্চলের বিশিষ্ট অনেক আলেমের সাথে তার আত্মীয়তার সম্পর্ক ছিল। তিনি শায়খে ধরমন্ডলী রাহ. -এর বোনজামাই ছিলেন। শায়খ লুৎফুর রহমান বর্নভী রাহ. -এর খলিফা ও বেয়াই ছিলেন৷ এছাড়া শায়খ আব্দুল করীম কৌড়িয়া রাহ. ও শায়খ তাফাজ্জুল হক হবিগঞ্জী রাহ. -এরও বেয়াই ছিলেন। জামেয়া হুসাইনিয়া গহরপুরের ফাযিল এবং শায়খে গহরপুরী রাহ. -এর আস্থাভাজন শিষ্য ছিলেন৷

ব্যক্তিগত জীবনে তিনি অনেক সহজ সরল মানুষ ছিলেন। দুনিয়া বিমুখ ছিলেন। জীবনভর বিতর্কের উর্ধ্বে উঠে দ্বীনী খিদমত করেছেন বলে জানা যায়।

এসবের বাইরে  আত্মীয়তার হক্ব রক্ষা করা, সামান্য পরিচিত হলেও জানাযায় অংশগ্রহণ করা, একেবারে অজপাড়াগাঁয়ের মাহফিলেও গুরুত্বের সাথে অংশগ্রহণ তার সাধারণ অভ্যাস ছিল বলে জানা গেছে।

আল্লাহ তায়ালা তাকে জান্নাতের সুউচ্চ মাক্বাম নসীব করুন।

পূর্ববর্তি সংবাদসোয়ারিঘাটের পলিথিন কারখানায় অগ্নিকাণ্ড
পরবর্তি সংবাদমদিনাকে করোনামুক্ত ঘোষণা করেছে সৌদি