ইসলাম টাইমস ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগসহ ৩ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ হয়েছে। রোববার বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল সম্মুখ সদর রোডে এ সমাবেশ করে প্রগতিশীল ছাত্র জোট জেলা শাখা।
বরিশাল জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সম্পা দাস সমাবেশে সভাপতির বক্তব্যে বলেন, স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা ও যে লুট-পাট চলছে, তার বিরুদ্ধে আমাদের এই বিক্ষোভ সমাবেশ। আমরা দেখতে পাচ্ছি, বরিশালে পিসিআর ল্যাব, অক্সিজেনসহ করোনা টেস্টের কিটের সংকট রয়েছে। চট্টগ্রামে ও দেশের অন্যান্য জায়গায় একই অবস্থা। এ সব অব্যবস্থাপনার কারণে হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর অযোগ্যতার প্রভাবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা আজ ধ্বংসের পথে। যার কারণে সরকারের কাছে অবিলম্বে এই অযোগ্য স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানাচ্ছি। একই সঙ্গে সবার রাষ্ট্রীয় সেবা নিশ্চিত করতে হবে।
সমাবেশে একাত্মতা প্রকাশ করে ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট একে আজাদ বলেন, সারা দেশে করোনাভাইরাস মহামারী ধারণ করেছে। দেশের অনেক হাসপাতালে ডাক্তার ও নার্সসহ প্রয়োজনীয় ব্যবস্থাদি নেই। দেশ এখন নৈরাজ্য পরিস্থিতি অবস্থায় চলছে। জনগণের জীবন জিম্মি ও নিরাপত্তাহীন। এখানে ছাত্র জোট যে দাবি নিয়ে কর্মসূচি করছে তা যৌক্তিক।
এখানে আরও বক্ত্য রাখেন প্রগতিশীল জেলা ছাত্র জোট ও এর অঙ্গসংগঠনের অন্য নেতারা।
















