ইসলাম টাইমস ডেস্ক: করোনার ভ্যাকসিন উদ্ভাবন তহবিলে ৫০ হাজার মার্কিন ডলার প্রদানের ঘোষণা দিয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘নিরাপদ ও কার্যকর ভ্যাকসিনের উন্নয়ন ও সহজ প্রাপ্ততার জন্য ৫০ হাজার মার্কিন ডলার প্রদানের ঘোষণা দিয়ে আমি আনন্দিত। প্রান্তিক জনগোষ্ঠীর কোভিড ১৯ এর প্রভাব মোকাবেলার জন্য ন্যায়সঙ্গত ও সাম্যতার ভিত্তিতে সকলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই অর্থ প্রদান করছি।’
শনিবার ইউরোপীয় কমিশন ও গ্লোবাল সিটিজেন আয়োজিত ‘গ্লোবাল গোল: ইউনাইট ফর আওয়ার ফিউচার দ্য সামিট’এ ভার্চুয়াল বক্তব্যে তিনি এসব কথা বলেন।
করোনা ভাইরাস ভ্যাকসিন, পরীক্ষা ও চিকিৎসার উন্নয়নে অতিরিক্ত তহবিল জোগাড়ের লক্ষ্যে এ ভার্চুয়াল সম্মেলনের আয়োজন করা হয়। বাসস
















