পূর্ব রাজাবাজারে লকডাউন শেষ, তবু থাকবে কড়াকড়ি

ইসলাম টাইমস ডেস্ক: পরীক্ষামূলকভাবে চলা পূর্ব রাজাবাজারে ২১ দিনের লকডাউনের মেয়াদ মঙ্গলবার (৩০ জুন) রাতেই শেষ হয়েছে। ফলে চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে রাজধানীর পূর্ব রাজাবাজার। তবে করোনা সংক্রমণ যেন নতুন করে না বাড়ে সে জন্য আরও ১০ থেকে ১৫ দিন কড়াকড়ি থাকবে ওই এলাকায়।

মঙ্গলবার রাতে স্থানীয় কাউন্সিলর ফরিদুর রহমান খান জানান, রাত ১২টা থেকে পূর্ব রাজাবাজারে আর লকডাউন থাকছে না। তবে আমরা সাবধানতার জন্য আরও ১০ থেকে ১৫ দিন কড়াকড়িভাবে এলাকা পর্যবেক্ষণ করবো। এলাকার বাসিন্দা ছাড়া অন্য কাউকে অপ্রয়োজনে প্রবেশ করতে দেবো না। পূর্ব রাজাবাজারে ১০টি গেটের একটি খোলা ছিল। এখন থেকে দুটি সম্পূর্ণভাবে খোলা থাকবে। পকেট গেটও খুলে দেওয়া হবে। তবে সাধারণ মানুষের প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে পর্যবেক্ষণ করা হবে।

তিনি আরও জানান, অপ্রয়োজনে কেউ যেন এলাকায় প্রবেশ বা বের না হয় সে দিকে খেয়াল রাখা হবে। এছাড়া প্রয়োজন ছাড়া রাস্তায় ঘোরাফেরাও নিয়ন্ত্রণ করা হবে। আর কোনও বাড়িতে যদি করোনা রোগী থাকে তাহলে কেবল সেই বাড়িটি আরও কিছুদিন লকডাউন করা হতে পারে।

উল্লেখ্য, গত ৯ জুন মধ্যরাতে ১৪ দিনের জন্য রাজধানীর পূর্ব রাজাবাজারে পরীক্ষামূলকভাবে লকডাউন শুরু হয়। পরে ২৩ জুন লকডাউন আরও সাত দিন বাড়ানোর ঘোষণা দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

পূর্ববর্তি সংবাদলঞ্চডুবির ঘটনায় মৃতদের মধ্যে ৩০ জনই মুন্সীগঞ্জের
পরবর্তি সংবাদআর্থিক কেলেঙ্কারিতে সাবেক ফরাসি প্রধানমন্ত্রী ও স্ত্রীর কারাদণ্ড