ইসলাম টাইমস ডেস্ক: করোনার বিস্তার রোধে রাজধানীর ঘনবসতিপূর্ণ এলাকায় কোরবানির পশুর হাট না বসানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। হাটের জন্য আগে যেসব দরপত্র আহ্বান করা হয়ছিল, তার সবই বাতিল করা হবে। হাট নতুন করে ইজারা দেওয়া হবে।
ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রথম আলোকে এসব তথ্য জানান।
আতিকুল ইসলাম দৈনিক প্রথম আলোকে বলেন, হাট ইজারা দিয়ে হয়তো কোটি টাকা আয় করা যাবে, কিন্তু টাকার চেয়ে মানুষের জীবনের মূল্য অনেক বেশি। মানুষ বেঁচে থাকলে ভবিষ্যতে টাকা আসবে। তাই তিনি ঢাকার বাইরে তুলনামূলক কম ঘনবসতিপূর্ণ এলাকায় হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছেন।
ডিএনসিসি মেয়র বলেন, ‘একটা হাট ছিল তেজগাঁও এলাকায়। এখানে আমরা ভালো টাকা পেতাম। কিন্তু এবার এখানে হাট বসাব না। আফতাবনগর এলাকায় আমাদের একটা হাট বসে। পাশেই দক্ষিণ সিটি করপোরেশনের একটা হাট বসে। যেহেতু একই এলাকায় দুটি হাট বসছে, তাই আমি সেখানে হাট না বসানোর সিদ্ধান্ত নিয়েছি।’
















