ইসলাম টাইমস ডেস্ক: তুরস্কের ঐতিহাসিক স্থাপনা আয়া সোফিয়াকে পুনরায় মসজিদে রূপান্তরিত করা হবে কি না এ বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে চূড়ান্ত রায় ঘোষণার কথা জানিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত।
গতকাল স্থানীয় সময় বৃহস্পতিবার তুরস্কের সর্বোচ্চ আদালতের এজলাসে এ বিষয়ে রায় প্রদানের কথা ছিল। তবে আদালত রায় প্রদানের তারিখ ১৫ দিন পিছিয়ে দেয়। খরব ডেইলি সাবাহের।
১৪৫৩ সালে উসমানী সুলতানদের ইস্তাম্বুল বিজয়ের মাধ্যমে মসজিদে রূপান্তরিত হওয়া আয়া সোফিয়া গত শতকের চল্লিশের দশকে জাদুঘরে রূপান্তরিত করে কামাল আতাতুর্ক সরকার। তুরস্কের স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা আয়া সোফিয়াকে পুনরায় মসজিদে রূপান্তরিত করা এবং নামায আদায়ের জন্য উন্মুক্ত করা।
প্রতিবছর ইস্তাম্বুল বিজয়ের দিন আয়া সোফিয়াতে একদিন নামায আদায় করা হয়। গতবছর মার্চে আয়া সোফিয়াকে আইনি প্রক্রিয়ায় চূড়ান্তভাবে নামায আদায়ের জন্য উন্মুক্ত করার ঘোষণা দিয়েছিলেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। সে অনুযায়ী তখন থেকে তুরস্কের জনমনে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
এতদিন তুরস্কের বিরোধী দলগুলো আয়া সোফিয়াকে মসজিদে রূপান্তরিত করার ব্যাপারে বিরোধিতা করে আসলেও সম্প্রতি বিরোধীদলগুলো এটিকে নামযের জন্য খুলে দেওয়ার পক্ষে মত দিয়েছে। ফলে আইনি জটিলতাও কিছুটা কমেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে দেশটির সর্বোচ্চ আদালত সতর্কতা গ্রহণে রায় প্রদানে বিলম্ব করছেন।
এদিকে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন রাষ্ট্রের সরকার প্রধানরা জাদুঘরকে পুনরায় মসজিদে রূপান্তরের বিরোধিতা করে বিবৃতি দিয়েছে। তবে তুরস্ক জানিয়ে দিয়েছে এটি তাদের অভ্যন্তরীণ বিষয়। এ ব্যাপারে তুরস্কের জনগণ এবং আদালতই চূড়ান্ত সিদ্ধান্ত নিবে।
















