থামছেই না সীমান্ত হত্যা: আজ চাঁপাইনবাবগঞ্জে খুন হলো আরেক বাংলাদেশি

ইসলাম টাইমস ডেস্ক: থামছেই না সীমান্তে বাংলাদেশি হত্যা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে বেধড়ক পেটানোর পর এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)।

নিহত জাহাঙ্গীর (৪৫) শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের আইনাল হকের ছেলে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, শনিবার সকাল ১০টার দিকে তেলকুপি সীমান্ত ফাঁড়িসংলগ্ন এলাকায় মাঠে পাখি ধরার জন্য অবস্থান করছিলেন জাহাঙ্গীর। এ সময় ভারতের চুরিঅনন্তপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে জেরা করেন।

জাহাঙ্গীর বার বার তাদেরকে পাখি শিকারের কথা বললেও বিএসএফ সদস্যরা তাকে চোরাকারবারি বলে সাব্যস্ত করছিলেন। এ নিয়ে তিনি বিএসএফ সদস্যদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।

এতে ক্ষুব্ধ হয়ে বিএসএফ সদস্যরা তাকে ধরে বেধড়ক পেটানোর পর গুলি করে হত্যা করেন বলে অভিযোগ করেন স্থানীয়রা।

শাহবাজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য মোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা যুগান্তরকে নিশ্চিত করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আপনাদের মতো আমিও বিএসএফের গুলিতে একজন নিহত হওয়ার কথা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পূর্ববর্তি সংবাদকুরবানীর পশুর হাট প্রসঙ্গে ড. আবদুল্লাহ: ধর্মীয় বিধান ও জীবন দুটোই রক্ষা করতে হবে
পরবর্তি সংবাদ২৯ জনের মৃত্যু, একদিনে শনাক্ত ৩ হাজার ২৮৮ জন, করোনামুক্ত ৭০ হাজার ৭২১ জন