ইসলাম টাইমস ডেস্ক: কক্সবাজারের উখিয়ার মরিচ্যা বাজার এলাকার অভিযান চালিয়ে ৩ হাজার ৫০০ কেজি সরকারি ত্রাণের চালসহ ৩ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব। দুপুরে উখিয়া থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।
রোববার (৫ জুলাই) দুপুরে এক বার্তায় র্যাব ১৫ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) আব্দুল্লাহ মো. শেখ সাদী বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন- উখিয়ার হলুদিয়া পালং এলাকার সোনা আলীর ছেলে মো. এহছান (৩১), পশ্চিম হলুদিয়া পালং এলাকার মৃত সৈয়দ আহমদের ছেলে আবুল কালাম (৩২) ও পাগলীর বিল এলাকার মৃত মকবুল আহমদের ছেলে আবুল কালাম (৫০)। অভিযানে ৯৯টি চটের খালি চালের বস্তাও উদ্ধার করা হয়।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) আব্দুল্লাহ মো. শেখ সাদী জানান, শনিবার (০৪ জুলাই) রাতে র্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মরিচ্যাবাজার এলাকার ‘আল্লাহর দান, মো. এহসান স্টোর’ গুদাম ঘরে কতিপয় লোক সরকারি ত্রাণের চাল মজুদ করছে। এর পরিপ্রেক্ষিতে র্যাব-১৫ এর একটি দল সেখানে অভিযান চালায়। র্যাব সদস্যরা দেখতে পায় ৩ জন লোক সরকারি খাদ্য অধিদপ্তরের সিলমোহরযুক্ত ত্রাণের চাল চটের বস্তা থেকে প্লাস্টিকের সাদা বস্তায় পরিবর্তন করছে। এসময় গুদাম ঘরটি তল্লাশি করে ৩ হাজার ৫০০ কেজি সরকারি ত্রাণের চাল এবং ৯৯টি চটের খালি বস্তা উদ্ধার করা হয়।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে জব্দ করা চালের বস্তাগুলো তারা বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করে অধিক লাভে বিক্রয়ের উদ্দেশে বস্তা পরিবর্তন করে মজুদ করছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতদের রোববার দুপুরে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
















