ইসলাম টাইমস ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদের বিদেশ যাওয়ার সুযোগ নেই। তাকে আত্মসমর্পণ করতে হবে, অন্যথায় গ্রেফতার করা হবে।
রোববার (১২ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে বের হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
‘সাহেদ এখন কোথায় আছেন’ জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রথম কথা সাহেদ কোথায় সেটা সাহেদ জানে। আমাদের পুলিশ এবং র্যাব সে (সাহেদ) কী ধরনের অন্যায় করেছে সেগুলো ইনকোয়ারি করছে। তদন্ত রিপোর্ট আসলে আমি আপনাদের জানাতে পারব তার অন্যায়ের গভীরতাটা কতটুকু।’
তিনি বলেন, সে যে অন্যায় করেছে তার জন্য ইতোমধ্যে র্যাব ব্যবস্থা নিয়েছে। তাকে খোঁজা হচ্ছে। সে যেখানেই থাকুক তাকে আত্মসমর্পণ করতে হবে, না হয় পুলিশ তাকে ধরে ফেলবে।
‘সে কি দেশে আছে নাকি বাইরে চেলে গেছে’ এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘দেশের বাইরে যাওয়ার তো কোনো উপায় নেই। তার পাসপোর্ট জব্দ করা হয়েছে, বর্ডার যাতে ক্রস করতে না পারে সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা খুঁজছি। আশা করি, শিগগিরই তাকে ধরতে সক্ষম হবো।’
















