ইসলাম টাইমস ডেস্ক: বাড়ি থেকে এক কিলোমিটার দূরে ভারতের উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অবশ্য বিধায়কের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তার পরিবারের অভিযোগ, হত্যার পর তার মরদেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে।
জানা গেছে, আজ সোমবার সকালে রায়গঞ্জের বিন্দোল পঞ্চায়েত এলাকার বালিয়া গ্রামে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে বন্ধ এক দোকানের বারান্দায় তার মরদেহ দেখা যায় যায়।
সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে আসে রায়গঞ্জ থানা পুলিশ। তারা মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যান। কিভাবে তার মৃত্যু হলো, সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ।
বিধায়কের স্ত্রী, এলাকার সাবেক পঞ্চায়েত প্রধানের অভিযোগ, রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয় তাকে। তারপর পরিকল্পিতভাবে হত্যার পর ঝুলিয়ে দেওয়া হয় দেবেন্দ্রনাথ রায়কে। সোমবার সকালে দেবেন্দ্রনাথের ঝুলন্ত মরদেহ উদ্ধার হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। মৃত্যুর প্রকৃত তদন্তের দাবি জানিয়েছেন রায়গঞ্জের মানুষ।
বিন্দোল গ্রাম পঞ্চায়েতের তিনবারের প্রধান দেবেন্দ্রনাথ ২০১৬ সালে সিপিএমের টিকিটে হেমতাবাদ থেকে জয়লাখ করেন। পরোপকারী ও দিলখোলা মানুষ হিসেবে এলাকায় তার পরিচিতি রয়েছে। ২০১৯ সালে বিজেপিতে যোগ দেন তিনি।
রায়গঞ্জের সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরি বলেন, দেবেনের মৃত্যু যথেষ্ট সন্দেহজনক। হাত বাঁধা অবস্থায় কখনোই একজন মানুষ আত্মহত্যা করতে পারেন না। পুলিশ সঠিক তদন্ত করে মৃত্যুর কারণ বের করুক।
বিধায়কের অস্বাভাবিক মৃত্যুর খবর জানাজানি হতেই কলকাতায় বিজেপির রাজ্য দপ্তরে বৈঠকে বসেন বিজেপি নেতারা। খবর দেওয়া হয় দিল্লিতে। দিল্লির নির্দেশে রাজ্য বিজেপির পক্ষ থেকে পাঠানো হচ্ছে প্রতিনিধিদল।
















