ইসলাম টাইমস ডেস্ক: করোনা পরিস্থিতির মধ্যেই জাতীয় সংসদের যশোর-৬ ও বগুড়া-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু করে নির্বাচন কমিশন (ইসি)। চলবে টানা বিকেল ৫টা পর্যন্ত।
ভোটের কারণে করোনা সংক্রমণ বাড়ার শঙ্কায় কমিশনের সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান ইতোমধ্যে ভোট বর্জন করছে বিএনপি। তবে বিএনপির প্রার্থীদ্বয়ের মনোনয়নপত্র বৈধ হওয়ায় এবং তারা প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষে নির্বাচন বর্জন করায় ব্যালট পেপারে তাদের নাম ও প্রতীক রাখা হয়েছে।
করোনা পরিস্থিতির মধ্যে ভোটগ্রহণ করায় মানতে হচ্ছে স্বাস্থ্যবিধি। মাস্ক না পরলে কাউকেই ভোট দিতে দেবে না বলে জানিয়েছেন ইসি সচিব মো. আলমগীর।
এই দুই আসনেই ভোটগ্রহণের কথা ছিল গত ২৯ মার্চ। কিন্তু করোনার কারণে ভোটের এক সপ্তাহ আগে ২১ মার্চ নির্বাচন স্থগিত করা হয়। তবে সাংবিধানিক বাধ্যবাধকতা হিসেবে ১৮০ দিন সময় শেষ হয়ে আসায় করোনার মধ্যেই আবার ভোটের সিদ্ধান্ত দেয় ইসি।
















