ইসলাম টাইমস ডেস্ক: সাহেদকে গ্রেপ্তারের বিষয়টি কোনো নাটকের অংশ কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি সরকারের সমালোচনা করে বলেছেন, রিজেন্টের সাহেদ যেমন তার সরকারও তেমন। কেননা জেকেজি ও রিজেন্ট মানুষকে করোনার টেস্টের নামে মৃত্যুর সনদ দিয়েছে।
মঙ্গলবার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, এই যে রিজেন্টের সাহেদকে গ্রেপ্তার হলো এটা নাটক। সাহেদের মা আওয়ামী মহিলা লীগের নেতা। তাহলে শাহেদ হাওয়া ভবনের লোক হয় কী করে? তার কেলেঙ্কারি ফাঁস হওয়ার আগে তো তিনি আওয়ামী লীগেরই লোক। তার অতীতের টকশোতে বক্তব্যে শোনা যায় যে, সেনাপ্রধান থেকে শুরু করে সিপাহী এবং আইজিপি থেকে কনস্টেবল পর্যন্ত ও সচিব থেকে চৌকিদার পর্যন্ত সবাই এই সরকারকে চায়। আসলে যেমন শাহেদ তেমন তার সরকার।
















