ইসলাম টাইমস ডেস্ক: বেসরকারি এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) দু’জনকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেফতার আতঙ্কের মুখে কঠোর লকডাউন পরিস্থিতির মধ্যেও এয়ার অ্যাম্বুলেন্সে দেশ ছেড়ে ব্যাংকক যাওয়া সিকদার গ্রুপ অব কোম্পানিজ-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারের জামিন আবেদন নাকচ করেছেন হাইকোর্ট।
আজ সোমবার বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
একইসঙ্গে আদালতের সময় নষ্ট করার কারণে দুই ভাইকে ১০ হাজার পিপিই জরিমানা করেছেন আদালত।আগামী দুই সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রীর তহবিলে এই পিপিই দিতে হবে।
সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারের জামিন চেয়ে সিঙ্গাপুর থেকে ভার্চুয়াল হাইকোর্টে আবেদন করা হয়। তার জামিন আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি, সাঈদ আহমেদ রাজা ও মুহাম্মদ সাইফুল্লাহ মামুন।
















