ইসলাম টাইমস ডেস্ক: জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়। ইমামতি করেন বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। মুকাব্বির ছিলেন মুয়াজ্জিন হাফেয ক্বারী কাজী মাসুদুর রহমান।
চলমান করোনা ভাইরাসের বিরূপ বাস্তবতায়ও যথাযথ মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে জামাত অনুষ্ঠিত হয়।
জামাত শেষে খুতবা পেশ করা হয়। এরপর অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। পাশাপাশি সম্প্রতি বৈশ্বিক করোনা ভাইরাসে আক্রান্ত ও নিহতদের জন্য দোয়া করা হয়।
একইসঙ্গে মোনাজাতে বিশ্ব উম্মতে মোহাম্মদির গুনাহ মাফ চাওয়া, সব মৃতব্যক্তির কবরের আজাব মাফ চাওয়াসহ সব ধরনের বিপদ থেকে দেশকে মুক্ত রাখার জন্য দোয়া করা হয়।
নামাজের আগে মসজিদে মাইক থেকে বারবার স্বাস্থ্যবিধি মেনে জামাতে অংশ নিতে বলা হয়। মসজিদে প্রবেশ পথে বসানো হয় জীবাণুনাশক স্প্রে বুথ। অধিকাংশ মুসল্লি স্বাস্থ্যবিধি মেনে জামাতে অংশ নেন।
অবশ্য মুসল্লিদের সবাই মাস্ক পরলেও খুব একটা সামাজিক দূরত্ব মানতে দেখা যায়নি। বায়তুল মোকাররম এলাকায় নিরাপত্তা নিশ্চিতের জন্য আইনশৃঙ্খলাবাহিনীর উপস্থিতি ছিল লক্ষণীয়।
















