৫ কোটি অনিরাপদ মাস্ক বৃটেনে, সরকারের বিরুদ্ধে মামলা

ইসলাম টাইমস ডেস্ক: যুক্তরাজ্যে মহামারি করোনা প্রতিরোধে সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যকর্মীদের জন্য কেনা পাঁচ কোটি মাস্ক নিরাপদ নয় বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুটি ক্যাম্পেইনিং গ্রুপ ‘দ্য গুড ল প্রজেক্ট’ এবং ‘এভরি ডক্টর’।

ডয়চে ভেলের খবরে বলা হয়, স্বাস্থ্যকর্মীদের জন্য মাস্ক সরবরাহকারী প্রতিষ্ঠান আয়ান্দা ক্যাপিটালের মালিক কনজারভেটিভ সরকারের ‘বোর্ড অফ ট্রেডের’ উপদেষ্টা। তাদের সঙ্গে গত এপ্রিলে ২৫ কোটি ২০ লাখ পাউন্ডের চুক্তি সই করে সরকার। কিন্তু মাস্কগুলো নিরাপদ নয় বলে আদালতে মামলা করা হয়েছে সরকারের বিরুদ্ধে৷ এতে বলা হয়েছে, মাথায় ফাঁকা রাখার বদলে কান দুটো ফাঁকা রাখা হয়েছে এবং এগুলো যথেষ্ট ‘টাইট’ নয়৷ এ কারণে মাস্কগুলো সরকার বিতরণ করেননি৷

বৃহস্পতিবার কনজারভেটিভ সরকারের বিরুদ্ধে মামলাটি করেছে দুটি ক্যাম্পেইনিং গ্রুপ ‘দ্য গুড ল প্রজেক্ট’ এবং ‘এভরি ডক্টর’৷ তারা আদালতের কাছে জানতে চেয়েছে, চুক্তি স্বাক্ষরের আগে কেনো পিপিই মাস্কগুলো কেনো যথাযথভাবে দেখে নেয়া হয়নি৷ গ্রুপ দুটোর দাবি, ৫ কোটি মাস্কের দাম কমপক্ষে ১৫ কোটি পাউন্ড৷ যদিও সরকার জানায়নি কত দাম দিয়ে তারা এগুলো কিনেছে৷ চুক্তির বাকি অর্থও দেয়া হয়েছে কিনা বা আদৌ দেয়া হবে কিনা তা-ও অস্পষ্ট৷

মার্চে যুক্তরাজ্যে করোনা সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়লে এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল যে, দেশটির চিকিৎসক আর নার্সদের জন্য প্রচুর মাস্ক, দস্তানা, গাউন এবং অন্যান্য প্রতিরক্ষা/প্রতিরোধক সরঞ্জামের প্রয়োজন হবে৷ বিশ্বের সব সরবরাহকারীর কাছ থেকেই তখন এসব উপকরণ কেনার হিড়িক পড়ে গিয়েছিল।

সরকার মামলার প্রতিক্রিয়ায় জানিয়েছে, আয়ান্দা ক্যাপিটেলের মালিক এন্ড্রু মিলসের কাছ থেকে এই মাস্কগুলো কেনা হয়েছে, যিনি সরকারের ‘বোর্ড অফ ট্রেড’-এর একজন উপদেষ্টা৷ মিলস এসব অভিযোগ অস্বীকার করেছেন৷ আয়ান্দা ক্যাপিটেলের প্রধান নির্বাহী টিম হরলিক দাবি করেছেন, সরকারের মানদণ্ড মেনেই মাস্কগুলো তৈরি করা হয়েছে এবং এগুলো অব্যবহারযোগ্য বা অনিরাপদ নয়৷

ব্রিটিশ সরকার জানিয়েছে, আয়ান্দার কাছ থেকে কেনা আরো ১৫ কোটি মাস্ক এখনো পরীক্ষা করে দেখা হয়নি৷ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, এই ঘটনায় তিনি খুবই হতাশ৷

পূর্ববর্তি সংবাদভারতের সাথে আমাদের রক্তের সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদকরোনার এই অবসর কাটুক জীবন গঠনের কাজে