মুক্তাগাছায় বেপরোয়া বাসের চাপায় সাত অটোযাত্রীর মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: ময়মনসিংহের মুক্তাগাছায় একটি বেপরোয়া বাসের চাপায় মারা গেছেন অটোরিকশার সাত যাত্রী।

শনিবার বিকাল পৌনে চারটার দিকে ময়মনসিংহ-জামালপুর মহাসড়কের মুক্তাগাছা উপজেলার মানকোন ভোটঘর এলাকার কাছে রায়থোরায় এই দুর্ঘটনা ঘটে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

নিহতের মধ্যে দুজন নারী ও পাঁচজন পুরুষ। এরমধ্যে একই পরিবারের তিনজন। নিহতরা হলেন, মুক্তাগাছার শ্রীরামবাড়ির বাসিন্দা সিএনজির চালক আলাদুল (৩৮), মুক্তাগাছার মলাজানীর বাসিন্দা নজরুল ইসলাম (৩৫) । টাঙ্গাইলের মধুপুর উপজেলার নয়পাড়ার বাসিন্দা একই পরিবারের নুর ইসলাম (৩০), তার স্ত্রী তাসলিমা (২৬) ও মেয়ে লিজা (১৩)। বাকি দুজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, জামালপুরগামী রাজীব পরিবহনের বেপরোয়া বাসটির ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি। এতে ঘটনাস্থলে মারা যান চারজন। বাকি তিনজন হাসপাতালে নেয়ার পথে মারা যান। অটোরিকশাটিতে চালকসহ সাতজন যাত্রী ছিলেন।

পুলিশ বাসটির চালক কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে । চালক পিরোজপুরের নাজিরপুরের বাসিন্দা । বাস ও সিএনজি জব্দ করে থানায় আনা হয়েছে ।

মুক্তাগাছা থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, লাশের ময়নাতদন্ত ও মামলার প্রস্তুতি চলছে।

পূর্ববর্তি সংবাদ‘বন্যায় এ পর্যন্ত ১১ হাজার ৩৩৬ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে’
পরবর্তি সংবাদসবজির দাম দ্বিগুণ, আদা, পেঁয়াজ, আলুর দাম অস্বাভাবিক