ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন বুলেটিনের ইতি টানছে স্বাস্থ্য অধিদপ্তর। অচিরেই তা বন্ধ করা হচ্ছে বলে সোমবার জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, দেশে করোনা পরিস্থিতির ‘উন্নতি’ ঘটায় এখন আর এমন বুলেটিন প্রচার করার প্রয়োজন দেখছেন না তারা।
“চার-পাঁচ মাস ধরে তো বুলেটিন হলই। এখন তো আল্লাহর রহমতে পরিস্থিতি অনেকটাই ভালো। আমরা মনে করি এখন সংক্রমণ কমে আসছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে। এ কারণে আমাদের সিদ্ধান্ত নিয়মিত একজন ব্যক্তি দিয়ে বুলেটিন না করে প্রেস রিলিজ দেওয়া।”
করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে শুরুতে সাংবাদিকদের উপস্থিতিতে নিয়মিত প্রেস ব্রিফিং চলছিল। পরিস্থিতির প্রয়োজনে এক পর্যায়ে তা অনলাইনে গেলেও সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ ছিল।
কিন্তু গত ৮ এপ্রিল সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ বন্ধ রেখে শুধু প্রতিদিন বেলা আড়াইটায় বুলেটিন চালু রাখা হয়েছিল।
শুরুতে এই ব্রিফিংয়ে আসতেন আইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা; মাঝে-মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের তৎকালীন পরিচালক ডা. আবুল কালাম আজাদও আসতেন।
তবে বুলেটিন চালুর পর অধিকাংশ দিনই সর্বশেষ তথ্য নিয়ে হাজির হচ্ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ডা. নাসিমা সুলতানা।
এই বুলেটিনই এখন প্রচার বন্ধ করা হচ্ছে। তার পরিবর্তে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে সর্বশেষ পরিস্থিতি জানানো হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “এখন থেকে দৈনিক একটি নির্দিষ্ট সময়ে একটা লিখিত প্রেস রিলিজ আকারে আসবে। এটা আগামী দুয়েকদিনের মধ্যেই কার্যকর হয়ে যাবে।”
















