ইসলাম টাইমস ডেস্ক : নির্বাচনী জনসভা থেকে ফেরার পথে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার বিকালে নোয়াখালীর সোনাইমুড়ি বাজারে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে বিএনপির প্রার্থী মাহবুব উদ্দিন খোকন। এছাড়া তিনি বাংলাদেশ সুপ্রিম কোট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক।
নির্বাচনী জনসভা থেকে ফেরার পথে সোনাইমুড়ি বাজারে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ চলাকালে তিনি গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকাল ৫টার দিকে সোনাইমুড়ি বাজারে এ ঘটনা ঘটে। এ সময় ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকনের সঙ্গে থাকা বিএনপি ও ছাত্রদলের একাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন ।
মাহবুব উদ্দিন খোকনের ছেলে ব্যারিস্টার সাকিব মাহবুব জানান, তার শরীরে পাঁচটি বুলেট বিদ্ধ হয়েছে। পেছনে চারটি ও সামনে একটি বুলেট বিদ্ধ হয়।
সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে মাহবুব উদ্দিন খোকন গুলিবিদ্ধ হয়েছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
















